বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আব্দুর রহমানেল মাছউদ: নির্বাচন কমিশনের কোনো অবসর নেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের পরপরই স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের বাইরেও সারা বছর স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন আয়োজন করতে হয়। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে। তবে নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় প্রতীকে— তা নির্ধারণে সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন সব সময় প্রস্তুত। গণমাধ্যম নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা যেমন সমালোচনা করেন, তেমনি উন্নতির পথও দেখান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ভালো কাজের কোনো শেষ নেই; ভবিষ্যতে আরও নিখুঁত নির্বাচন উপহার দিতে চায় কমিশন।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

  • অনলাইন: ইকরাম-উদ দৌলা (সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
  • টেলিভিশন: কাজী ফরিদ আহমদ (সিনিয়র রিপোর্টার, বৈশাখী টিভি)
  • পত্রিকা: আল আমিন (স্টাফ রিপোর্টার, ডেইলি টাইমস অব বাংলাদেশ)