শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এর ফলে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের জড়িত থাকায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

সোমবার (৮ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের সই করা যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে (ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ হতে অব্যাহতি দেওয়া হলো ।

প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিরুদ্ধে বিসিএসসহ ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আনা হয়। প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপপরিচালক মো. আবু জাফর, উপ-পরিচালক জাহাঙ্গির আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতো সংঘবদ্ধ চক্রটি।