রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী।

রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, “যদি যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের প্ররোচনায় পড়ে বা তাদের নির্দেশিত পথে এগিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে এই যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বাড়বে।”

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এদিকে একই দিনে ইরানের সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্ক্ষিত।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন নতুন যুদ্ধকৌশল খুঁজছে এবং ইরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সমর্থন ছাড়া তারা সংঘাত থেকে সহজে সরে আসতে পারবে না।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এসব দাবি বা হুঁশিয়ারির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।