বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবারও রাতে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আবারও রাতে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

জানা গেছে, কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ করা হয় এবং চারজন স্টাফকে আটক করা হয়। এ ঘটনায় নড়ে বসে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৬ ডিসেম্বর) ও রোববার (২৮ ডিসেম্বর) রাতে নৌযান চলাচল বন্ধ ছিল। তবে দিনের বেলায় নৌযান চলাচল স্বাভাবিক ছিল।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য বলেন, আজ বিকেল ৫টা থেকে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারা দেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নির্দেশনা দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে যাত্রীদের জানমালের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল সকালে পরিস্থিতি দেখে আবার নৌযান চলাচল শুরু হবে।