সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৮—কে এ নির্দেশ দেন।
এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তার আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ওই আবেদনে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস অভিযুক্ত তৌফিকা আফতাফ ওরফে তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে মানি লন্ডারিংয়ের অনুসন্ধান চলমান আছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল-৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র প্রদান করার আদেশদানে আদালতের মর্জি হয়।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আনিসুল হকের বান্ধবী তৌফিকার আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫