শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদালত প্রাঙ্গণে তিন বাহিনীর নিরাপত্তা জোরদার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের গ্রেপ্তা‌র হওয়ার ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মিলে নিরাপত্তা জোরদার করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী হত্যা মামলায় (৮ নম্বর মামলা) তাকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।