রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আদালতে মুখোমুখি সব্যসাচী-ঋত্বিক! রহস্যময় মামলায় জমবে দুই তারকার টক্কর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের দুই জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী এবার প্রথমবারের মতো কোর্টরুমে একে অপরের প্রতিপক্ষ হতে যাচ্ছেন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর বহুল আলোচিত সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজনে দেখা যাবে এই দুই তারকার জমজমাট আইনি লড়াই।

আগের দুই সিজনের মতো এবারও অচিন্ত্য আইচ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে নতুন চমক হিসেবে প্রতিপক্ষ আইনজীবী দিগ্বিজয় চরিত্রে যোগ দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। আদালতের যুক্তি-তর্ক ও বুদ্ধির লড়াইয়ে মুখোমুখি হবেন দুই দাপুটে অভিনেতা।

এবারের গল্প শুরু হয় ধনী ব্যবসায়ী নীল রায় বর্মন-এর রহস্যময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে। তার মৃত্যুর পর স্ত্রী দেবযানী সম্পত্তির উত্তরাধিকার নেওয়ার প্রস্তুতি নিলেও শেষকৃত্যের দিনই নাটকীয় মোড় নেয় ঘটনা। নীলের মতো দেখতে এক ব্যক্তি ফিরে এসে দাবি করেন, মর্গে মৃতদেহ অদলবদল হয়েছিল এবং তিনিই প্রকৃত নীল।

এই দাবির পর পরিবারে শুরু হয় তীব্র বিভ্রান্তি। নীলের মা শ্রাবণী ফিরে আসা ব্যক্তিকেই নিজের ছেলে বলে বিশ্বাস করেন। কিন্তু দেবযানী তাকে প্রতারক দাবি করে আদালতের দ্বারস্থ হন। মামলার দায়িত্ব পান অচিন্ত্য আইচ। তদন্ত যত এগোয়, ততই উন্মোচিত হতে থাকে খুন, ব্ল্যাকমেইল, লোভ এবং বহু বছরের পারিবারিক গোপন রহস্য।

চরিত্রটি নিয়ে সব্যসাচী চক্রবর্তী বলেন, “দিগ্বিজয় একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ আইনজীবী। চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। হইচইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ঋত্বিকের সঙ্গে আদালতের দৃশ্যগুলো দর্শকদের দারুণ লাগবে বলে বিশ্বাস করি।”

ঋত্বিক চক্রবর্তীও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সব্যসাচী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়া আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। দর্শকরা এবার অচিন্ত্যের সবচেয়ে কঠিন মামলার সাক্ষী হবেন।”

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, ইশা সাহা ও অভিষেক বসু। রহস্য ও আদালতের রুদ্ধশ্বাস লড়াই নিয়ে আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজন।