মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

আদালতেই শেষ নিঃশ্বাস, মামলা পরিচালনার সময় মারা গেলেন প্রবীণ আইনজীবী রুহুল আমিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন (৯৩) আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আদালতে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় ৫৪ বছর ধরে আইন পেশায় যুক্ত থাকা রুহুল আমিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্র জানায়, তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্গে রাখা হয়েছে।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চাঁদপুরের আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।