বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আত্মসাতের অভিযোগে আইনজীবী মাসদার হোসেনের সনদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মক্কেলের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেন-এর আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিলের এক জরুরি সভায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাসদার হোসেনের বিরুদ্ধে তার মক্কেলের কাছ থেকে প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত আইনজীবী অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

বার কাউন্সিল জানিয়েছে, অভিযোগের গুরুত্ব ও পেশাগত নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রাথমিক উপাদান পাওয়া গেছে। তাই সাময়িকভাবে তার সনদ স্থগিত করা হয়েছে।

এছাড়া কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তার আইনজীবী হিসেবে কার্যক্রম স্থগিত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাসদার হোসেন বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন, যার মধ্যে বিচার বিভাগ সংক্রান্ত কিছু বিষয়ে সরকারের সমালোচনাও ছিল। তবে বর্তমান সিদ্ধান্তটি তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।