বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল; স্বামী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা একটি হত্যাচেষ্টার মামলা গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মাজহারুল ইসলাম সবুজের সঙ্গে তানিয়ার (২৬) বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং জুয়ার টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন ও বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি জুয়ায় নিজের ও পরিবারের প্রায় ৭০ হাজার টাকা হারানোর পর তিনি স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন। গত ৯ জুন জুয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে ১৩ জুন সকালে ফোনে আবারও টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর করেন এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।