চলতি ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার লড়াই। তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস মুখোমুখি হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের, যারা কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল।
‘এফ’ গ্রুপের এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কোচ রোনাল্ড কোমানের নেতৃত্বে ভার্জিল ভ্যান ডাইক, মেম্ফিস ডিপাই, কডি গাকপো ও তিজানি রেইন্ডার্সদের নিয়ে শক্তিশালী দল গড়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে কোচ হাজিমে মরিয়াসুর জাপানও বড় অঘটন ঘটানোর সামর্থ্য রাখে।
এদিকে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছে কুরাসাও। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। অভিষেক ম্যাচেই তাদের প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ছোট দেশ হলেও জার্মানিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট।
আজ আরও মাঠে নামবে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট ও দক্ষিণ আমেরিকার ইকুয়েডর। পাশাপাশি তিউনিসিয়ার মুখোমুখি হবে ইউরোপের সুইডেন।
আজকের ম্যাচসূচি:
⚽ জার্মানি বনাম কুরাসাও — রাত ১১:০০টা
⚽ নেদারল্যান্ডস বনাম জাপান — রাত ২:০০টা
⚽ আইভরি কোস্ট বনাম ইকুয়েডর — ভোর ৫:০০টা
⚽ সুইডেন বনাম তিউনিসিয়া — সকাল ৮:০০টা