নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
দিনের শুরুতে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওনা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বড় মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে সকাল থেকে আসা নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, দুপুর ১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার আগমন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।