শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজকের পর এজলাসের ছবি প্রকাশ করলে আদালত অবমাননা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪

বিশেষ অধিবেশনের শেষের দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিশেষ অধিবেশনের গুরুত্ব বিবেচনা করে শুধু আজকের দিনের জন্য এজলাস কক্ষে ছবি ওঠানো, ভিডিও ধারণের অনুমতি দেওয়া হয়েছে। আজকের পর থেকে গণমাধ্যমে ধারণ করা এজলাস কক্ষের ছবি, ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো ছবি আপলোড করা যাবে না।

তিনি বলেন, যদি আজকের পর গণমাধ্যমে ছবি, ভিডিও প্রকাশ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও আপলোড করা হয়, সেটা হবে আদালত অবমাননার শামিল।

বিশেষ অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে আনুষ্ঠানিক বেঞ্চ বসে।

এ সময় প্রধান বিচারপতির বিচারকক্ষে পাঁচজন সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, আইনজীবীসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচজন সাবেক বিচারপতি হলেন- বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মো. রুহুল আমিন, বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন।