সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুন, ২০২৪

দেশে দুদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবুও ঘরমুখো মানুষের স্রোত থামেনি। ঈদের তৃতীয় দিনেও মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। সে কারণে ঈদের আগের সময়ের মতো বাস কাউন্টারে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

নড়াইল যাবেন হাফেজ আবু নাঈম। তিনি একটি মাদ্রাসায় চাকরি করেন। ব্যস্ততার কারণে ঈদে যেতে পারেননি। আবু নাঈম ঢাকা পোস্টকে বলেন, মনে করলাম ফাঁকা বাসে বাড়ি যেতে পারব। কিন্তু এখানে এসে দেখি মানুষ আর মানুষ। কোনো বাসেই তো সিট পাচ্ছি না। বাসের মধ্যে দাঁড়িয়ে হলেও আজ যাব।

বরিশাল-পটুয়াখালীগামী স্টার ডিলাক্স পরিবহনের যাত্রাবাড়ী কাউন্টারের প্রধান সজল খান ঢাকা পোস্টকে বলেন, আজ সারাদিনের আমাদের সব রুটের টিকিট শেষ হয়ে গেছে। গতকালের চেয়ে আজ যাত্রীদের চাপ অনেক বেশি। যাত্রীদের চাপ দেখে মনে হচ্ছে না যে ঈদ চলে গেছে।

ঈদ শেষে যাত্রীদের ঢাকায় ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব কম যাত্রী ঢাকায় আসছে। আমাদের বাসগুলো সিট ফাঁকা নিয়ে ঢাকায় ফিরছে। আগামীকাল থেকে হয়ত মানুষ ঢাকা ফেরা শুরু করবে।

শরীয়তপুর পরিবহনের সুপারভাইজার রেজাউল সরদার ঢাকা পোস্টকে বলেন, কোরবানির ঈদ তো, সবাই ঢাকা থেকে মাংস খেয়ে, আবার মাংস গ্রামে নিয়ে যাচ্ছে। এ কারণে এত ভিড়। আজ বেশি ভিড়। ঈদের আগে এখানে এত ভিড় ছিল না। আজ অনেক বেশি ভিড়। আমাদের এটা কল্পনাতেও ছিল না।