রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, আবহাওয়া বিবেচনায় এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠজুড়ে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে শেড তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির মধ্যেও মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
নারীদের জন্য পৃথক নামাজের স্থান এবং আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রায় ১০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হলেও, উপস্থিতি বেশি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশাসক বলেন, পুরো এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রবেশপথে আর্চওয়ে বসানো হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে। এ কাজে সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে এই কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের আহ্বান জানান এবং সবাইকে শৃঙ্খলা মেনে নামাজ আদায়ের অনুরোধ করেন।
পরিদর্শনকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।