আগামী ৮ ও ৯ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী মস্কো সফরে যাচ্ছেন বলে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলায় মস্কো এবং নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক নানা ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছে। পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত তা উপেক্ষা করেছে। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার কাছ থেকে তেলের ক্রয় বাড়িয়েছে ভারত।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-ভারত সম্পর্কের আরও উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
পশ্চিমা বিশ্বে রাশিয়া বিচ্ছিন্ন হলেও মোদিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে দেখেন পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জটিল রয়েছে ভারতের।
এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে রুশ প্রেসিডেন্ট মোদিকে বলেছিলেন, তিনি বুঝতে পেরেছেন, এই সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্কে ‘‘উদ্বেগ’’ তৈরি করেছে এবং এবং মোদি চান ‘‘শিগগিরই’’ সংঘাতের অবসান হোক।