সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ আগস্ট, ২০২৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আজ বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই জলাবদ্ধতা তৈরি হয় আখাউড়া স্থলবন্দরে।

পাশাপাশি ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি জমায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপ ভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এ ছাড়া ইমিগ্রেশনের কার্যক্রমও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।