বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আইসিসিকে চিঠি দিয়ে বিসিবির ফান্ড স্থগিতের অনুরোধ, বুলবুলকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে পাঠানো ১৪ পৃষ্ঠার একটি চিঠিতে তিনি বাংলাদেশের ক্রিকেট প্রশাসন নিয়ে একাধিক অভিযোগ তুলে বিসিবির অর্থায়ন স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

প্রকাশিত চিঠিতে বুলবুল আইসিসির কাছে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ২০২৬ সালের ৭ জুন অনুষ্ঠিত বিসিবি নির্বাচনকে আইসিসির সংবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ওই নির্বাচনের মাধ্যমে গঠিত বোর্ডকে স্বীকৃতি না দেওয়ার দাবি জানান।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হলে আইসিসি যেন বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির অর্থায়ন বন্ধ এবং বাংলাদেশের দলগুলোর আইসিসি প্রতিযোগিতায় অংশগ্রহণ স্থগিতের মতো ব্যবস্থা বিবেচনা করে।

এ ছাড়া চলমান বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিসিবির জন্য বরাদ্দকৃত সব ধরনের আইসিসি অর্থায়ন এসক্রো (শর্তসাপেক্ষে সংরক্ষিত) অ্যাকাউন্টে রাখারও অনুরোধ জানানো হয়েছে।

এদিকে এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর বলেন, শুরুতে বিষয়টি নিয়ে তার সন্দেহ ছিল। তবে পরে আইসিসিতে পাঠানো ই-মেইলটি তিনি দেখেছেন বলে জানান।

তিনি বলেন, “এটা একটা মানসিক ব্যাধি বলা যায়। বুলবুল ভাইয়ের সঙ্গে যারা এই কাজগুলো করছে, তারা মানসিকভাবে সুস্থ আছেন কি না, তা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। ক্রিকেট বোর্ড বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং আনুষ্ঠানিকভাবে দেখছে।”

এর আগে আমিনুল ইসলাম বুলবুল ভিডিওবার্তায় এসব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছিলেন।