বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কঠোর নির্দেশনা: সকাল ৯টার পর এলে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অফিসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা সময়ের আগে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষর করেন।

কী বলা হয়েছে অফিস আদেশে

অফিস আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান উল্লেখ করে বলা হয়েছে—
নিম্নোক্ত বিষয়গুলো অফিস শৃঙ্খলার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে:

  • বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা

  • অনুমতি ছাড়া অফিস ত্যাগ

  • নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হওয়া

নতুন নির্দেশনা

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—

  • সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

  • অফিস সময় শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। (রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে নয়)।

  • অফিস চলাকালীন জরুরি বা দাপ্তরিক প্রয়োজনে বাইরে যেতে হলে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর পূর্বানুমতি নিতে হবে।

  • অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগ রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে হবে।

বিধিভঙ্গ করলে কী হবে

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত নিয়ম লঙ্ঘন করে কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, দেরিতে অফিসে এলে বা আগে চলে গেলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অফিস শৃঙ্খলা জোরদার ও সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ কঠোরতা আরোপ করা হয়েছে।