বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আইনি অভিবাসনের পথ বাড়াতে ইইউকে আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণ এবং বৈধ অভিবাসনের আরও সুযোগ তৈরি করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর এরিক কুর্জওয়েল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে প্রতিমন্ত্রী ইইউর সঙ্গে বহুমুখী ও দূরদর্শী অংশীদারিত্ব এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ মত দেয় যে, অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) ভবিষ্যতে নানা অগ্রাধিকার খাতে বিস্তৃত সহযোগিতার কাঠামো হিসেবে কাজ করবে।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক সফর সহজীকরণ, এলডিসি উত্তরণ, অভিবাসন সহযোগিতা, গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, সাংস্কৃতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপরও জোর দেন।