দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট চলছে। নানা উদ্যোগেরও এ সমস্যার যেন সমাধান হচ্ছে না। তার মধ্যে আমদানির দায় মেটাতে গিয়ে বাজারে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। এখন এ রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে নেমেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে খরচযোগ্য রিজার্ভ আরও কম, ১৩ দশমিক ২৮ বিলিয়ন ডলার। রিজার্ভের এমন পরিস্থিতি আইএমএফের ৪ দশমিক ৭০ বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ জুনে রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ৮০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমান রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫২ বিলিয়ন কম।
এ লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করে ডলার কেনাসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।