বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বিকেএসপি, জুইয়ের জোড়া রেকর্ড সাঁতারে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ৬ জন অ্যাথলেট। আজ পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইজাম্প ইভেন্টে রৌপ্য পদক জেতেন রিতু আক্তার।

নারীদের হাইজাম্প ইভেন্টে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রিতু দ্বিতীয় হয়েছেন ৷ তিনি ১.৭৫মিটার লাফিয়ে এ পদক অর্জন করেছেন। এই ইভেন্টে তিনি জাতীয় রেকর্ডধারী।

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে স্প্রিন্টার জহির রায়হানও পদকের আশা জাগিয়েছেন। ২০০মিটার ইভেন্টের ৩য় হিটে মোঃ জহির রায়হান ২২.২৬ সে. সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় জুনিয়র সাঁতারে আজ দু’টি রেকর্ড হয়েছে। দুটি রেকর্ডই গড়েছেন বিকেএসপির জুই আক্তার। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে দিনের শুরুতে মেয়েদের ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১:২৫:০৭ সেকেন্ড টাইমিংয়ে রেকর্ড গড়েন জুই। আগের রেকর্ড ছিল ২০১২ সালে সাগরখালী সুইমিং ক্লাবের মরিয়ম খাতুনের। এরপর বিকেলে ৮০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়েন জুই। তিনি সময় নেন ১১:০৪:৭৮ সেকেন্ড। এর আগের রেকর্ডটি ছিল এক যুগ আগের বাংলাদেশ আনসারের নাজমা খাতুনের। তিনি সময় নিয়েছিলেন ১১:২০:১৫ সেকেন্ড।

কুষ্টিয়ার সাঁতারু জুই আক্তার বিকেএসপিতে দশম শ্রেণীতে পড়েছেন। ২০১৭ সাল থেকে নিয়মিত অংশ নেন বয়সভিত্তিক সাঁতারে। রেকর্ড গড়ার পর তার দৃষ্টি দক্ষিণ এশিয়ান গেমসে। ২০১৬ সালের পর এসএ গেমসে সাঁতারে কোনও সোনার পদক আসেনি বাংলাদেশে। জুইয়ের আশা দেশের সেই আক্ষেপ ঘোচানোর, ‘আমি আরও ভালোভাবে অনুশীলন করতে চাই। টাইমিংয়ে আরও উন্নতি করতে চাই। এসএ গেমসে যেন আমার হাত ধরে বাংলাদেশে আসে সোনার পদক।