ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা আগামীকাল (সোমবার) ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।
ম্যাচের আগে শেষ অনুশীলন ক্লোজডোর রাখেন কোচ লিওনেল স্কালোনি। অনুশীলনে গঞ্জালো মন্টিয়েল অংশ নিলেও হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে শুরুর একাদশে না-ও দেখা যেতে পারে। তার পরিবর্তে নাহুয়েল মোলিনাকে খেলানোর সম্ভাবনা রয়েছে।
আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেস এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে। গঞ্জালেসের গতি ও ফাঁকা জায়গা কাজে লাগানোর সক্ষমতা অস্ট্রিয়ার বিপক্ষে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছে কোচিং স্টাফ।
তবে গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের জায়গা প্রায় নিশ্চিত। অধিনায়ক লিওনেল মেসিও থাকছেন আক্রমণের মূল ভরসা হিসেবে।