ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে সাময়িকভাবে আন্দোলনস্থল ছেড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে বিশ্রাম শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যার মধ্যেই তিনি আবার আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন এবং ব্যথানাশক ওষুধ খেয়ে আন্দোলনে অংশ নিচ্ছিলেন।
তিনি লেখেন, “আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে আবার প্রতিবাদস্থলে ফিরে আসব।”
অভিজিৎ দীপকে ও তার সমর্থকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে বুধবার রাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। অন্যদিকে, পুলিশের দাবি—পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছে।
এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। তিনি আন্দোলনকারীদের প্রতি পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।