বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অসুস্থ মা-স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে শহিদুলের জীবনযুদ্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার অসুস্থ মা, স্ত্রী ও দুই শিশু সন্তান বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শহিদুল এক সময় শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের কাজ করতেন। মায়ের অসুস্থতার কারণে প্রায় এক বছর আগে ঢাকায় চলে গেলে কাজ হারান তিনি। পরে বাড়ি ফিরে দেখেন জমির মালিক তার মাথা গোঁজার জায়গা অন্য কাজে ব্যবহার করছেন, ফলে পরিবার গৃহহীন হয়।

বিভিন্ন দোকানের বারান্দাসহ উপজেলা বিভিন্ন স্থানে রাত যাপন করেছেন শহিদুল ও তার পরিবার। সম্প্রতি উপজেলা পরিষদের পুরাতন ভবনের বারান্দায় আশ্রয় নিলেও পরিচ্ছন্ন কর্মীরা তাদের জিনিসপত্র থানায় জমা দিয়ে সরিয়ে দেয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা আকাশের নিচে জীবন যাপন শুরু করেছেন।

শহিদুল জানান, তিনি কাজ না পেলে পরিবার অনাহারে থাকে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা ঘরগুলোতে পরিবারকে একটি ঘর দিলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি জানান, শহিদুল আশ্রয়ণ প্রকল্পে আবেদন করলে ঘর দেওয়া হবে।