চার দিনেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন আরচ্যার সাগর ইসলাম। তুরস্কের আনতালিয়ায় ১৭ জুন বাংলাদেশের জন্য প্যারিস অলিম্পিকে কোটা অর্জন করেছিলেন। পাশাপাশি অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রৌপ্যও জিতেছিলেন। সেই আনতালিয়ায় বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-৩ টুর্নামেন্টে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই বাদ পড়েছেন।
বিশ্বকাপে বাংলাদেশি আরচ্যারদের মধ্যে সবচেয়ে ভালো খেলেছেন অভিজ্ঞ হাকিম আহমেদ রুবেল। তিনি র্যাংকিং রাউন্ডে ২১ নম্বর পজিশন অর্জন করেন। আজ এলিমিনেশন রাউন্ডে রাম ও সাগরের ব্যর্থতার দিনে রুবেল প্রি কোয়ার্টার পর্যন্ত খেলেছেন। ১/৩২ পর্যায়ে রুবেল ডাচ আরচ্যার রস সেন্নাকে ৬-২ সেট পয়েন্টে হারান। ১/১৬ পর্যায়ে রুবেল জার্মান প্রতিপক্ষ ফ্লোরিয়ানের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত ৫ সেট ৫-৫ সেট পয়েন্টে সমতা ছিল। টাইব্রেকারে জার্মান ফ্লোরিয়ান নয় আর রুবেল দশে দশ করায় প্রি কোয়ার্টারে উঠেন।
প্রি কোয়ার্টারে রুবেলের প্রতিপক্ষ ছিলেন ব্রাজিলিয়ান ডি আলমেডিয়া মার্কোস। ব্রাজিলিয়ান আরচ্যার র্যাংকিং রাউন্ডে তৃতীয় পজিশনে ছিলেন। ১/৩২ ও ১/১৬ পর্যায়ে ৭-১ সেট পয়েন্ট ব্যবধানে প্রতিপক্ষদের পরাজিত করেন। আগের দুই রাউন্ডে চার সেটে খেলা শেষ করলেও রুবেলকে পরাজিত করতে পাচ সেটই খেলতে হয়েছে তাকে। পাঁচ সেটের মধ্যে রুবেল দু’টি ড্র ও একটি জেতেন। প্রতিপক্ষ আরচ্যার এক সেট বেশি জেতায় ব্যবধান দাড়ায় ৪-৬ সেট পয়েন্ট।