রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ বিষয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উপস্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে সংসদীয় কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির প্রথম বৈঠকে সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অংশ নেন।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নে আবেদীন এবং মো. আবুল হাসনাত বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের উপস্থাপিত ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ বিষয়ক প্রেজেন্টেশনে দেশের ব্যাংকিং খাত ও মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে এসব বিষয়ে সংসদীয় কমিটির সদস্যরা মতামত দেন এবং বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।