বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অভিযোগ মিথ্যা, আমি নির্দোষ: ট্রাইব্যুনালে পলক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার অভিযোগ গঠন করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী

মামলায় প্রসিকিউশন তিনটি অভিযোগ আনে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৪-১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করা হয়। দ্বিতীয় অভিযোগে রাজধানীর বাড্ডা, উত্তরা, রামপুরা ও খিলগাঁওয়ে সংঘটিত হত্যাযজ্ঞ ও ইন্টারনেট বন্ধসহ মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট উত্তরায় সংঘটিত হত্যাযজ্ঞের দায় আনা হয়।

অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ পড়ে শোনানো হয়েছে সব মিথ্যা। আমি নির্দোষ।

এদিন অভিযোগ গঠনের পর বিচারিক প্যানেল সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। পলককে সকালেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তাকে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।