অভিবাসী-বিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠায় দেশজুড়ে ৩ হাজার ৪০৫ জন সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
অনিবন্ধিত বা বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন ডানপন্থি সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। তবে বিক্ষোভের আড়ালে লুটপাট, ভাঙচুর ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট রামাফোসা পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে জানান, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় ৫ কোটি ৬০ লাখ র্যান্ড (প্রায় ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত অভিবাসী-বিরোধী বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় বহু দোকান ও সুপারশপে লুটপাটের ঘটনা ঘটে। সহিংসতার অভিযোগে ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আন্দোলনের সংগঠকরা ঘোষণা দিয়েছেন, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে নিয়মিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্ভাব্য নতুন সহিংসতা ঠেকাতেই আগাম সেনা মোতায়েন করেছে সরকার।