আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকার আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনসংক্রান্ত কাজে আগত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশির জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে।
বাংলাদেশের বিভিন্ন মিশনের মাধ্যমে এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হলে ভুটান ও মালদ্বীপ সরকার তাদের নাগরিকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করে। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে উক্ত সময়ে ভুটানসহ সব যোগ্য দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল সুবিধা স্থগিত থাকবে। ফলে এ সময়ে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক ভুটানের নাগরিকদের আগেই ভিসার জন্য আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ অন-অ্যারাইভাল ভিসা ইস্যু বন্ধ রাখবে। এ সময় বাংলাদেশে ভ্রমণ করতে আগ্রহী মালদ্বীপের নাগরিকদের হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগমনের আগে অবশ্যই ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে।