বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অনুমোদনহীন নির্মাণের অভিযোগে অভিষেক ব্যানার্জীর বাড়ির অংশ ভাঙার নোটিশ কলকাতা পুরসভার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস-এর শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে তার বাড়ির একটি অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।

গত সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে দুটি পৃথক নোটিশ জারি করা হয়—একটি তার প্রতিষ্ঠান লিপস অ্যান্ড বাউন্ডস-এর নামে এবং অন্যটি তার মা লতা বন্দ্যোপাধ্যায়-এর নামে।

নোটিশে বলা হয়েছে, কলকাতার হরিশ মুখার্জি রোডের ১৮৮(এ) নম্বরের ‘শান্তিনিকেতন’ বাসভবন এবং কালীঘাট রোডের ১২১ নম্বর সম্পত্তিতে অনুমোদন ছাড়াই নির্মাণ বা পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুরসভার নির্দেশ অনুযায়ী, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলতে হবে অথবা কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে পুরসভা নিজ উদ্যোগে ওই অংশ ভেঙে দেবে এবং ব্যয় সম্পত্তির মালিককে বহন করতে হবে।

এছাড়া সাত দিনের মধ্যে সম্পূর্ণ ভবনের কাঠামোগত নকশা ও “অ্যাজ-বিল্ট ড্রয়িং” জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ আত্মীয় ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।