বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, এই ধরনের হুমকি কল সাধারণত অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে করা হয়, ফলে ফোনের উৎস শনাক্ত করা সহজ নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না– জানতে চাইলে সচিব বলেন, “আমরা বিষয়টি নিয়ে অবগত আছি এবং সতর্ক অবস্থানে রয়েছি। অনেক ক্ষেত্রেই অটো জেনারেটেড নম্বর ব্যবহার করা হয়, যা সহজে শনাক্ত করা যায় না।”
সভায় র্যাবের জন্য গাড়ি কেনার প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের টাকা সরকারের ঘরেই আছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। সে কারণেই আমরা তাদের কাছ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের আগে গাড়ি আসবে কি না– তা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে; এখন সংযোজন প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।”
রোহিঙ্গা ক্যাম্প ‘সিলগালা’ করা হচ্ছে কি না– এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “ক্যাম্পের ভেতরে মানুষ জীবিকার প্রয়োজনে চলাচল করতে পারে। সবার কাছে কার্ড আছে, যা স্ক্যান করে তারা যাতায়াত করবে। নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো দুশ্চিন্তা নেই।”